তিন লাখ ইএফডিএমএস স্থাপন করবে রাজস্ব বোর্ড

১০ মার্চ, ২০২৪ ১৬:৪৬  

রাজস্ব আহরণ বাড়াতে ৫০ লাখ টাকার পরিবর্তে ১০ লাখ বা তার বেশি মূসক পরিশোধে মূসক পরিশোধে ই-পেমেন্ট, ই-চালান বাধ্যতামূলক করার পর তিন লাখ ইএফডিএমএস মেশিন স্থাপন করতে যাচ্ছে রাজস্ববোর্ড। পাইকারি পণ্য ও সেবা পর্যায়ে ইএফডিএমএস’র মাধ্যমে মূসক জাল সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে সাত হাজার এবং ক্রমান্বয়ে তিন লাখ ইএফডিএমএস মেশিন স্থাপনের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। একইসঙ্গে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, কার্যকর নীতিমালা প্রণয়ন, সহজ ও দ্রততম সময়ে সেবা প্রদান, কার্যকর অবকাঠামগত ও মানবসম্পদ উন্নয়নের কার্যক্রম নেওয়া হচ্ছে।

রোবাবর (১০ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এসময় আগামী জাতীয় বাজেট নিয়ে কিছু ভাবনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার বেসরকারি খাতকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে। বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য সরকার বরাবরই সহায়ক ভূমিকা পালন করে আসছে। আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রেও বেসরকারি খাতের মতামত ও প্রত্যাশাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ঢাকা চেম্বার  অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এ আলোচনায় সহযোগিতা করে দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টিফোর। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সঞ্চালনায় আগামী বাজেট সামনে রেখে চারটি বিষয়ের ওপর আলোচনা হয়। এগুলো হলো– আয়কর ও মূসক, আর্থিক খাত, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন।

সভায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, আইসিসি বাংলাদেশের সভাপতি মহাবুবুর রহমান,  ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, রিজওয়ান রহমান, ব্যারিস্টার সামীর সাত্তার. শামস মাহমুদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার আরিফ খান, এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, ইউনিলিভার বাংলাদেশের কর বিভাগের প্রধান সাঈদ আহমেদ খান, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের এমডি মাহবুবুর রহমান পাটওয়ারি, ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ, কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, সামিট অ্যালায়েন্স পোর্টের এমডি সৈয়দ আলী জওহর রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।